কুলিয়ারচরে গ্রাম আদালত পরিদর্শন করেন অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিদর্শন করেন, এভিসিবি-৩ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।
গত ২৭ সেপ্টেম্বর শনিবার বিকালে উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিদর্শন করেন তিনি।
সচেতনতা বৃদ্ধির লক্ষে ইউনিয়ন পরিষদের দেয়ালে লিখা “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে”, “নেব সেবা, দেব কর ইউনিয়ন হবে স্বনির্ভর”, “দেওয়ানী মামলার ফি-২০টাকা ও ফৌজদারী মামলার ফি-১০ টাকা ফি ছাড়া গ্রাম আদালতে অন্য কিছুই খরচ নাই।” “গ্রাম আদালত অনধিক তিন লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে।” এসব তথ্য লিখা দেখে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.মোস্তফা কামাল কাজলকে ধন্যবাদ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, এভিসিবি-৩ প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী, এভিসিবি-৩ প্রকল্পের প্রজেক্ট অ্যানালিস্ট মো. শাহাদাত হোসেন, ইপসা’র প্রকল্প সমন্বয়কারী ফারহানা ইদ্রিস, এভিসিবি-৩ প্রকল্পের কিশোরগঞ্জের ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজা আক্তার, গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়ে) প্রকল্পের কুলিয়াচর উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মশিউর রহমান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ আহমেদ,
উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সদস্য সচিব ইমরান খান, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও ইউপি সদস্যবৃন্দ।
এর আগে এভিসিবি-৩ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে স্থানীয় সরকার
বিভাগ ও জেলা প্রশাসক কার্যালয়ের যৌথ আয়োজনে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান এর সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগ কিশোরগঞ্জের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাহিদ হাসান খান এর সঞ্চালনায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, সালিশী বোর্ড থেকে আজ এ পর্যন্ত গ্রাম আদালত এর অবস্থান। যে বিষয়গুলো গ্রাম আদালতের মাধ্যমে সমাধান যোগ্য সেগুলো গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। যদি গ্রাম আদালত’কে অবমাননা করা হয় তাহলে ১০০০ টাকা জরিমানার বিধান রয়েছে। সারা দেশে শতভাগ এজলাস স্থাপনের ব্যবস্থা করা হবে। গ্রাম আদালতের নথিপত্র নিয়মিত হালনাগাদ করতে হবে নতুবা কাজের অগ্রগতি প্রকাশ পাবেনা। যে কোন দিন আদালত পরিচালনা করা যাবে, তবে খেয়াল রাখতে হবে, যারা সরকারী চাকুরী করে তাদের যেন বন্ধের দিনগুলো নষ্ট না হয়। যে সকল ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের জন্য মাটি পরীক্ষা হয়েছে, সেগুলো তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। গ্রাম আদালতকে স্থায়িত্বশীল করার জন্য ১০ টি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করার পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী অক্টোবর ২০২৫ মাসের মধ্যে সকল ইউপি’তে সরকারী ভাবে ফর্ম ও রেজিষ্টার প্রদান করা হবে। গ্রাম আদালতে অগ্রগতি যাচাই করে সারা বাংলাদেশ ব্যাপী সম্মাননা প্রদানের ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক ফৌজিয়া খান তাঁর বক্তব্যকালে বলেন, ১৯৭৬ সাল থেকে গ্রাম আদালত অধ্যাদেশের মাধ্যমে এই ব্যবস্থা চলে আসছে। এই ব্যবস্থাকে আরো কার্যকরী করার জন্য ২০২৬ সালে আইনটি কার্যকরী হয়। গ্রাম আদালতে ৩ লক্ষ টাকা পর্যন্ত মামলা গ্রহণ করা যায়, সাধারণ জনগণ যাতে আস্থার সাথে সঠিক সেবা পায় তা নিশ্চিত করতে হবে। যে ইউপিগুলোতে এজলাস এবং ভবন নাই সেগুলো নিশ্চিত করতে হবে। ২৫ শতাংশ জায়গা প্রয়োজন নতুন ভবন তৈরির জন্য যার দাম অনেক বেশি, এক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষন করেন। গ্রাম আদালতের মামলার নথি হালনাগাদ রাখতে হবে। সঠিক ভাবে গ্রাম আদালত পরিচালনার জন্য চেয়ারম্যানগণদের প্রশিক্ষণ প্রদান জরুরী। যে সকল ইউপি গ্রাম আদালত পরিচালনায় এগিয়ে আছে তাদেরকে বাছাই পূর্বক ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ইউনিয়ন পরিষদকে পুরুষ্কারের ব্যবস্থা করার বিষয়ে মত প্রকাশ করেন। জাতীয় পর্যায় থেকে ছাড় পত্র পেলে অতি দ্রুত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশ্বস্থ করেন তিনি।
এভিসিবি-৩ প্রকল্পের কিশোরগঞ্জের ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজা আক্তার প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও জেলার জুলাই ২০২৪- জুন ২০২৫ গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জসমূহ এবং শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনা এবং করণীয় বিষয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। বিগত ০১ বছরে ১৬১৬ জন আবেদনকারী গ্রাম আদালতে মামলা দায়ের করেন, ১৪১৯ টি মামলা নিষ্পত্তি হয় এবং রায় বাস্তবায়ন হয় ১৩৬৬ টি। ৩০৫ জন নারী আবেদনকারীর মধ্যে ২৯৬ জন নারী গ্রাম আদালতের মাধ্যমে বিচার পেয়েছেন।
সভায় আরো বক্তব্য রাখেন, এভিসিবি-৩ প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী। তিনি বলেন-সারা বাংলাদেশে সকল ইউনিয়ন পরিষদে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে। রক্ষণাবেক্ষণ ইউপিগুলো প্রশাসনের মাধ্যমে সচল করতে হবে এবং জেলা ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি এবং জেলা রির্সোস টিমের সদস্যগণের মাধ্যমে স্থায়িত্বশীল করার প্রক্রিয়া অব্যাহত থাকবে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের জন্য ডেস্ক তৈরি হবে। ইউপি-এর কাজের অগ্রগতি কতটুকু বা আমাদের অবস্থান কোথায় আমরা তা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখতে পেয়েছি। আমাদের সক্ষমতা প্রয়োগ করে কাজের অগ্রগতি বৃদ্ধি করতে হবে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন- গ্রাম আদালতে বিচারযোগ্য বিষয় নির্ধারণ করা আছে। জনগণের মাঝে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাহলে আদালতে ও থানায় মামলার জট কমবে। ইউনিয়ন পরিষদ ও বীট পুলিশিং এর মধ্যে একটি সমন্বয় স্থাপন করে কাজ করলে গ্রাম আদালতের মাধ্যমে মামলা পরিমান বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করা হবে।
সভায় মামলার অগ্রগতি যাচাই করে ৩ জন ইউপি চেয়ারম্যানকে পুরুষ্কৃত করা হয়েছে। ১ম স্থান অধিকারী- অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ, ২য় স্থান অধিকারী- করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়ন পরিষদ ও ৩য় স্থান অধিকারী- একই উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর, ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইউএনডিপি বাংলাদেশ এর কমিউনিকেশনস ও আউটরীচ এনালিষ্ট সুমন ফ্রান্সিস গোমেজ, এভিসিবি-৩ প্রকল্পের প্রজেক্ট অ্যানালিস্ট মো. শাহাদাত হোসেন, ইপসা’র প্রকল্প সমন্বয়কারী ফারহানা ইদ্রিস সহ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়ে) প্রকল্পের উপজেলা সমন্বয়কারীবৃন্দ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































